চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী মিনিবাসে পিকনিক বাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরও চারজন আহত হয়।
রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর পুত্র মো. ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০)।
জানা যায়, চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী এ কে ট্রাভেলস পরিবহনের একটি পিকনিকের বাস পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত হন। এ সময় মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে।
নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে স্থানীয়রা জানান। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
এ বিষয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, একটি পিকনিকের বাস পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত হয়। গাড়ি ও চালককে আটক করা হয়েছে।
