পদ্মা সেতুর সর্বশেষ পাইলটি বসছে

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০০:১৯

মুন্সীগঞ্জ :পদ্মা সেতুর সর্বশেষ পাইল বসানোর কাজ চলছে। সেতুর ২৬ নম্বর (পিয়ার) খুঁটির ৭ নম্বর পাইলের টপ সেকশনের পাইল স্থাপন রবিবার বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে শুরু হয়। এর আগে শনিবার সেতুর সর্বশেষ পাইলটি ড্রাইভ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। দায়িত্বরত প্রকৌশলীরা জানিয়েছেন, এটি সম্পন্ন হতে ছয় থেকে ১২ ঘণ্টা সময় লাগবে। সবকিছু ঠিক থাকলে রবিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এই পাইল ড্রাইভ সম্পন্ন হবার কথা। গতকাল বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাইল ড্রাইভ চলছিল। এরই মধ্য দিয়ে পদ্মা সেতুর ২৯৪টি পাইলের সবগুলো বসানোর কাজ সম্পন্ন হলো। প্রবল স্রোত আর বৈচিত্র্যময় নদীর তলদেশের নাজুক মাটির চ্যালেঞ্জ জয় করে সেতুর ভিত তৈরির মূল কাজটি শেষ হলো। পদ্মা সেতুর বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। তাই প্রকল্প এলাকায় এখন আনন্দের ঢেউ। এই আনন্দ শুধু দেশি-বিদেশি প্রকৌশলী, কর্মকর্তা ও শ্রমিকদেরই নয়, আনন্দ ছড়িয়ে পড়েছে পদ্মার দুই তীরের মানুষসহ সকলের মাঝে। প্রকৌশলীরা আরো জানান, পদ্মা সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩০টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। চলতি ২০১৯ সালের মধ্যে বাকি ১২টি খুঁটির কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তাই আশা করা হচ্ছে ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করতে পারবে   — ইত্তেফাক