তুচ্ছ ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বিরিয়ানির দোকানের এক কর্মচারী আরেক কর্মচারীকে ছুরিকাঘাতে খুন করেছেন। নিহতের নাম আবু তাহের (৩০)। অভিযুক্ত সোহেল রানা ওরফে মেহেদীকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের আহম্মেদ বিরিয়ানির দোকানের কর্মচারী ছিলেন আবু তাহের ও মেহেদী। তারা দোকানের রান্নাঘরেই রাত কাটাতেন একসঙ্গে। দোকানের মালিক রাজু জানান, তাহের ও মেহেদীর সঙ্গে শত্রুতার বিষয়ে তার জানা নেই। শনিবার রাত ১১টার দিকে পেছন থেকে তাহেরকে ছুরিকাঘাত করে মেহেদী পালিয়ে যান। পরে তাহেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ২টার দিকে সেখানে তার মৃত্যু হয়। তাহেরের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, একই সঙ্গে কাজ করতে গিয়ে তাহের ও মেহেদীর মধ্যে তর্ক বাধে। এ কারণে তাহেরকে ছুরিকাঘাত করেন মেহেদী। নিহতের মামাত ভাই সালাউদ্দিন বাদী হয়ে মেহেদীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
