দুধ নিয়ে গবেষণা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ ব ম ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ব্যাপারে তারা অধ্যাপক ফারুকের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নেন।
মানববন্ধনে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুজ জাহের বলেন, ‘কোনো গবেষণা ভুল প্রমাণ করতে হলে আরেকটা গবেষণা দিয়ে তা করতে হয়। কিন্তু প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তার বিরুদ্ধে মামলার হুমকি দিচ্ছেন। ভালো কাজ করায় যাকে পুরস্কার দেওয়া উচিত, তার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে। এখন বাংলাদেশের এমন কোনো খাদ্য নেই যা নিরাপদ। আমরা ভেজাল খেয়ে যাচ্ছি। কিন্তু এর বিরুদ্ধে যে কথা বলবে, তাকে হুমকির মুখে পড়তে হবে।’
ওয়াসার দূষিত পানির বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসা মিজানুর রহমান বলেন, ‘মানুষ এতটা অবিবেচক হয় কী করে? খাদ্য নিয়ে যে গবেষণা করে, তার বিপক্ষে দাঁড়াচ্ছে ওরা!’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ ীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্যাফেটেরিয়া সম্পাদক বি এম লিপি বলেন, ‘খাবারের ব্যাপারে আপস করার সুযোগ নাই। এটি বেঁচে থাকার প্রধান উপাদান। একটি গবেষণার মূল বিষয় হচ্ছে ত্রুটিগুলো তুলে ধরে তা সংশোধন করা। ফারুক স্যার তা-ই করেছেন।’ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহাগ বলেন, প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্যের ব্যাপারে যেখানে সচেতন, সেখানে কীভাবে একটি পক্ষ গবেষণার বিপক্ষে কথা বলে?
