দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও ব্যারেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার। গতকাল রবিবার বিকালে তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শনে গিয়ে ভারী যানবাহন চলাচল প্রত্যক্ষ করলে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে পানিসম্পদ সচিব সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি ভারী যানবাহনগুলোকে ব্যারেজ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানান এবং ব্যারেজ কর্তৃপক্ষকে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের অংশ হিসেবে লোহার বার স্থাপনের নির্দেশ দেন। পানিসম্পদ সচিবের নির্দেশনা মোতাবেক ইতিমধ্যে লোহার বার স্থাপন করা হয়েছে এবং ভারী যানবাহন নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের উদ্যোগের ফলে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়েছে।
উল্লেখ্য, তিস্তা ব্যারেজ ‘গ্রেড-১’ ভুক্ত রাষ্ট্রের অধিকতর গুরুত্বপূর্ণ (কেপিআই) স্থাপনা এবং ব্যারেজের ওপর দিয়ে অনধিক ২০ টন ওজনের ছোটো ছোটো যানবাহন চলাচলের অনুমোদন রয়েছে।
