দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ২৬টি মামলায় ‘ভুল আসামি’ হিসেবে বিনা দোষে তিন বছর কারাভোগকারী জাহালমের ঘটনায় দুদকের তদন্ত কমিটি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় নিশ্চিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি, বিনা অপরাধে কারাভোগের মতো অন্যায় ও দুঃখজনক ঘটনায় পাটকল শ্রমিক জাহালমের জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত ও এর সাথে জড়িত প্রত্যেককে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি হাইকোর্টের নির্দেশনায় দুদকের তদন্ত কমিটির অনুসন্ধানে জাহালমের ঘটনার ক্ষেত্রে দুদকের অনুসন্ধানকালীন বিভিন্ন পর্যায়ে ত্রুটি-বিচ্যুতি, দায়িত্বরত কর্মকর্তাদের গাফিলতি ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভ্যন্তরীণ বিচ্যুতির দায় চিহ্নিত করে দুদকের প্রতিবেদন একদিকে জনগণের প্রত্যাশার প্রতিফলন এবং অন্যদিকে গভীরভাবে উদ্বেগজনক। এতে দুদকের মতো প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে জাহালমের সাথে ঘটে যাওয়া দুঃখজনক অন্যায়ের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি এ প্রতিবেদন দুদকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কার্যকর চর্চা নিশ্চিতে দুদকের ব্যাপক ঘাটতির নির্দেশ করে।
