সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৯

সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম সোহানুজ্জামান নয়ন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় তারা। রাত ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৯টি করা হয়।

রাত ৩ টার দিকে আগুন নেভাতে পানি ব্যবস্থা করার কাজে সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনের রাস্তা পার হচ্ছিলেন নয়ন। এ সময় একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন।

সোহানুজ্জামান নয়ন রংপুর জেলার মিঠাপুকুর থানার মো. আক্তারুজ্জামানের ছেলে। তিনি ফায়ার সার্ভিসের তেজগাঁও স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।

এদিকে সোহানুজ্জামান নয়নকে চাপা দেওয়ার পর ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে পালানোর সময় শিক্ষার্থীরা চালককে আটক করেন। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ট্রাকচালকের নাম জানা যায়নি।

প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে- তা এখনও জানা যায়নি।

ইত্তেফাক/এমএএম