ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় রাজশাহী, জানালেন আকবর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৫

আর মাত্র দু’দিন পরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের। টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে অংশ নেওয়া দলগুলো। নতুন নাম নিয়ে ৫ বছর পর বিপিএলে ফিরছে দুর্বার রাজশাহী। শুক্রবার (২৭ ডিসেম্বর) অনুশীলন শেষ নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন রাজশাহীর উইকেটরক্ষক ব্যাটার আকবর আলি।

নিজেদের প্রথম লক্ষ্য হিসেবে প্লে-অফে খেলাকে বেছে নিয়েছে রাজশাহী। আকবর বলেন, ‘আজকে আমরা প্রথম অনুশীলন করলাম। আমাদের প্রথম লক্ষ্যটা থাকবে টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করা। কিন্তু সত্যি কথা বলতে আমরা এখনও অতদূর নিয়ে ভাবছি না। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি।’

অপেক্ষাকৃত দুর্বল দল হলেও বেশ আশাবাদী আকবর। তিনি আরও বলেন, ‘আপনি যে দলে খেলবেন সেই দলটা নিয়ে সর্বোচ্চ লেবেলের আশাবাদী থাকতে হবে। আমরাও আমাদের দল নিয়ে আশাবাদী। আমার কাছে যথেষ্ট ভালো টিম মনে হয়েছে। যদি সবাই ভালো খেলতে পারে, যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি। টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে আপনার বড় নাম দিয়ে হয় না। মাঠের পারফরম্যান্সটাই আসল।’

সাধারণত যেকোনো দলেই মিডল অর্ডারে খেলতে দেখা যায় আকবরকে। তবে দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত তিনি, ‘আমি যদি পার্সোনালি চিন্তা করি যে পাঁচ নম্বর জায়গাটা বা চার নম্বরে খেলব, এখানে আল্টিমেটলি দল বা ম্যানেজমেন্ট যেখানে চিন্তা করবে সেখানেই আমাকে খেলতে হবে। যদি আমার পার্সোনাল রেফারেন্স নেন বা ব্যক্তিগত কথা বলেন তাহলে আমি চার বা পাঁচ নম্বরে খেলতে পারি।’

ইত্তেফাক/জেডএইচ