বদলে যাচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুয়ের নাম 

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:০১

সাল ১৯৪৭, তারিখ ১৪ ডিসেম্বর। তারিখটা প্রত্যেক রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য বিশেষ। কেননা সেদিন ফুটবল ইতিহাসের অন্যতম স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুর আত্মপ্রকাশ হয়। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা খেলোয়াড়, কোচ এবং প্রেসিডেন্ট সান্তিয়াগো বার্নাব্যুর নামে স্টেডিয়ামের এই নামকরণ করা হয়েছে। 

সান্তিয়াগো বার্নাব্যু তিনি ৩৫ বছর রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলে স্প্যানিশ জায়ান্টরা ছয়টি ইউরোপিয়ান কাপ, ১৬টি লা লিগা, ৬টি স্প্যানিশ কাপসহ আরও অনেক শিরোপা জিতেছে। সেই ৭৭ বছর আগে থেকে শুরু। এরপর থেকে সান্তিয়াগো বার্নাব্যু প্রতিপক্ষ খেলোয়াড় থেকে শুরু করে সমর্থক, সবার জন্যই একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। 

কেননা এই মাঠে প্রতিপক্ষের 'টুটি' চেপে ধরেন লস ব্লাঙ্কোরা। সেখানে জন্ম হয় নতুন নতুন ইতিহাসের। ২০২৪ সাল শেষ হতে বাকি মাত্র তিন দিন। নতুন বছরে নতুন নামে আবির্ভূত হবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল স্টেডিয়ামটি। গতকাল রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। সেই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর থেকে বদলে ফেলা হবে সান্তিয়াগো বার্নাব্যুয়ের নাম। 

স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে রাখা হবে 'দ্য বার্নাব্যু'। নাম পরিবর্তন করার কারণ হিসেবে প্রতিবেদনটিতে বাণিজ্যিক কারণ উল্লেখ করা হয়েছে। যদিও এই বিষয়ে রিয়াল মাদ্রিদের তরফ থেকে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।

ইত্তেফাক/জেডএইচ