যশোরের নওয়াপাড়ায় জিয়াউদ্দীন পলাশ নামে এক সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওয়াপাড়া নৌবন্দর এলাকায় একটি পরিত্যক্ত ভবনের নিচতলায় এই ঘটনা ঘটেছে। নিহত পলাশ নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল করিম জানান, নিহত পলাশ আওয়ামী লীগে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নওয়াপাড়া নৌ বন্দরের একটি ঘাট দখলকে কেন্দ্র করে রইচ উদ্দীন নামে স্থানীয় বিএনপি কর্মীর সঙ্গে পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে রইচ রাতে পলাশকে তুলে এনে আয়কর অফিসের পিছনে একটি পরিত্যক্ত ভবনে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অন্যদিকে বিএনপি কর্মী রইচকে ধরে গণধোলাই দিয়ে পুলিশকে সোপর্দ করে। এই ঘটনায় রইচকে আটক দেখিয়ে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আর নিহত পলাশের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় দুই দশক আগে নিহত পলাশের বাবা ৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ও শ্রমিক নেতা ইব্রাহিম হাসান সরদার ঘাট দখলের পূর্ব বিরোধে দুর্বৃত্তদের গুলিতে খুনের শিকার হন।
