তুরস্কে ৪০ বছরের পুরনো সংঘাত অর্থাৎ কুর্দি বিদ্রোহের অবসান ঘটতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশটির কারাগারে বন্দি নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শীর্ষ নেতা আবদুল্লাহ ওচালান ইঙ্গিত দিয়েছেন, তিনি এরদোয়ান সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে পিকেকে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানাতে পারেন।
শনিবার (২৮ ডিসেম্বর) কুর্দিপন্থী পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসির (ডেম পার্টি) দুই এমপি কারাগারে আবদুল্লাহ ওচালানের সাক্ষাতে আলোচনা করেছেন। প্রায় এক দশকের মধ্যে এটি প্রথম আলোচনা।
এমপিদের এক বিবৃতিতে জানানো হয়, ওকালানকে বলেছেন দীর্ঘদিনের এই সংঘাত অবসানে 'আমি প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ নিতে এবং আহ্বান জানাতে প্রস্তুত।'
ওকালান স্পষ্ট করে বলেননি, ইতিবাচক পদক্ষেপ কিংবা আহ্বানটি কী হবে। তবে এই ইস্যু নিয়ে কাজ করা জাতীয়তাবাদী আন্দোলন পার্টির নেতা দেভলেত বাহচেলি বলেছেন, 'ওকালানের উচিত সন্ত্রাসীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানানো।'
২৫ বছর আগে গ্রেপ্তার হওয়ার পর থেকে ওকালান ইস্তাম্বুলের দক্ষিণে ইমরালি দ্বীপের একটি কারাগারে যাবজ্জীবন দণ্ড ভোগ করছেন। সিরিয়া ও গাজার সাম্প্রতিক ঘটনাবলী দেখিয়েছে, কুর্দি ইস্যুটি অবিলম্বে সমাধান জরুরি হয়ে পড়েছে।
এমপিদের বিবৃতিতে আবদুল্লাহ ওকালান একসঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, বাহচেলি ও এরদোগান যে নতুন দৃষ্টান্ত গড়ে তুলেছেন, তাতে প্রয়োজনীয় ইতিবাচক অবদান রাখতে আমি যোগ্য ও দৃঢ়প্রতিজ্ঞ।
তুরস্ক ও তার পশ্চিমা মিত্ররা পিকেকেকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। এখন পর্যন্ত দীর্ঘ সংঘাতে ৪০ হাজারের বেশি লোক নিহত হয়েছে।
