ফেইসবুকে পরিচয় বাংলাদেশের মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে। ধীরে ধীরে প্রেম। অতপর, প্রেমের টানে প্রায় ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুই বছরের প্রেম সার্থক করতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এসেছেন ইউক্রেনের এক যুবক।
ইউক্রেনীয় যুবকের নাম অ্যান্দ্রো প্রকিপ। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন প্রকিপ। সেদিনই বিয়ে করেন বৃষ্টিকে।
অ্যান্দ্রো প্রকিপ বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন মোহাম্মদ। স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টির নাম এখন বৃষ্টি প্রকিপ।
উপজেলার কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। এসএসসি পাস করেছে। টুকটাক ইংরেজি জানেন। বছর দুয়েক আগে ফেইসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে প্রেমের শুরু তাদের।
বৃষ্টি জানান, প্রকিপকে পেয়ে তিনি বেশ খুশি। প্রকিপ শুরু থেকেই বলছিলেন বিয়ে করবেন। শেষ পর্যন্ত সে তার কথা রেখেছে। আমিও তার সঙ্গে চলে যেতে প্রসেস করছি।
প্রকিপ জানায়, তার বিয়ে করা দরকার ও সে মুসলিম হবে- এ দুটি বিষয় আকৃষ্ট করেছে তাকে। বৃষ্টিকে বিয়ে করতে পেরে সে খুব খুশি। বাংলাদেশ তার ভালো লাগছে।
ইউনিয়ন পরিষদ মেম্বার ফরহাদ আলী বলেন, প্রেমের এমন ঘটনায় তারা সবাই খুশি। এ দম্পত্তিকে দেখতে দূর-দুরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন আমাদের এলাকায়। আমরা সবাই তাদের খোঁজখবর রাখছি এবং তাদের পাশে আছি।
এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রৌশন আলী বলেন, আমি ফেইসবুকের মাধ্যমে বিষয়টা জেনেছি। তবে আমি খোঁজখবর নিচ্ছি।
