সম্প্রতি বন্ধ ঘোষণা করা এস আলমের আট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ (ফ্রিজ) করতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক বরাবর এ সংক্রান্ত চিঠি দিয়েছে সংস্থাটি।
দুদক সূত্রে জানা যায়, এস আলম গ্রুপভুক্ত এ ৮ টি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাবগুলোতে বিদ্যমান অর্থ যেকোনো সময় স্থানান্তর করা হতে পারে। সেজন্য এসব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন তফসিলি ব্যাংকে পরিচালিত হিসাবগুলো অবরুদ্ধ বা ফ্রিজ করতে বিএফআইইউকে চিঠি দেওয়া হয়েছে।
গত ২৪ ডিসেম্বর চট্টগ্রামে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের আটটি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানাগুলো হলো- চিনি প্রক্রিয়াজাত কারখানা এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, ইস্পাতের পাত প্রক্রিয়াজাত কারখানা এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, ঢেউটিনসহ ইস্পাতপণ্য তৈরির কারখানা এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত ও গ্যালকো স্টিল এবং ব্যাগ তৈরির কারখানা এস আলম ব্যাগ লিমিটেড। গত বুধবার (২৫ ডিসেম্বর) থেকে এসব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
তারও আগে গত ১৯ ডিসেম্বর এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ১২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন আদালত। এসব ব্যাংক হিসাবে ২২ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ১৯০ টাকা রয়েছে। এই টাকা তোলা যাবে না, তবে হিসাবগুলোতে টাকা জমা করা যাবে।

