বিপিএলের উদ্বোধনী ম্যাচ মন কেড়েছে 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:০৮

একের পর এক চার ও ছক্কার মার দেখা গেল একাদশ বিপিএলের উদ্বোধনী ম্যাচে। এক দলে এনামুল হক বিজয় ও ইয়াসির আলি রাব্বি, অন্য দলে মাহমুদউল্লাহ রিয়াদ ও পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। এই চার জনের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ তারা ব্যাট নয়, বোলারদের ওপরে যেন তলোয়ার চালিয়েছেন। 

দুই দলের মোট ৫৬টি বাউন্ডারির মধ্যে এই চার জন মেরেছেন ৪১টি। তাতে বেশির ভাগ রান এসেছে তাদের ব্যাট থেকে। দর্শকরা সেটি দারুণ উপভোগ করেছেন। বিভিন্ন সমালোচনা থাকলেও মাঠের এমন খেলা মন কেড়েছে উপস্থিত সকলের। গতকাল দুপুরে এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দুর্বার রাজশাহী ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দুই দলের মধ্যে পার্থক্য ছিল চোখে পড়ার মতো। জাতীয় দলের অধিকাংশ তারকা বরিশালের। বিদেশিদেরও কমতি নেই। 

বিপরীতে টিকে থাকার মতো একটি দল সাজাতেই হিমশিম অবস্থা রাজশাহীর। কিন্তু মাঠের খেলায় অবাক করেছে দলটি। রাজশাহীর ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলম ব্যর্থ হলেও ইয়াসির আলি রাব্বিকে নিয়ে অধিনায়ক বিজয় খেললেন এক মহাকাব্যিক ইনিংস। মুহুর্মুহু বাউন্ডারিতে গ্যালারি মাতিয়ে তুললেন। যে দল নিয়ে এত সংশয় তারাই যেন মাঠে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। কিন্তু ম্যাচটি জেতা হয়নি তাদের। 

ম্যাচ শেষে বিজয় আফসোস করে বলেছেন, তাদের হাতে আর একজন ভালো বোলার থাকলে এই ম্যাচ অন্যরকম হতে পারত। বরিশালের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসে ফাহিম আশরাফ ইয়াসির রাব্বি ও বিজয়ের ব্যাটিংয়ের প্রশংসা করেন। ফাহিম ইংরেজি তেমন বলতে পারেন না। অল্প ইংরেজি শব্দ ব্যবহার করলেও উর্দুতেই কথা বলেছেন। গণমাধ্যমকর্মীরা বাংলায় কথা বলার অনুরোধ করলে হেসে জবাব দেন বাংলা বলতে না পারলেও বোঝেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ