ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্যাশনেবলদের পোশাকেও আসে নানা পরিবর্তন। এখন বর্ষা ঋতু—বাদল আর গরমের সময়। কেননা পোশাক ব্যক্তিত্বকে তুলে ধরে। আর তাই সবাই চায় পোশাকে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে। তবে কোন ঋতুতে বা কোন আবহাওয়ায় কী ধরনের পোশাক পরতে হবে, তা নিয়ে প্রতিনিয়তই ভাবতে হয় ফ্যাশনপ্রেমীদের। বর্ষার কথা মাথায় রেখে পোশাক তৈরি করেছে ফ্যাশন হাউসগুলো।
গরমে আরাম পেতে সবাই এখন হাত বাড়াচ্ছেন হালকা পোশাকের দিকে। এ সময় তাই জনপ্রিয় হয়ে উঠেছে নিত্যনতুন ডিজাইনের ফ্যাশনেবল পোলো টি-শার্ট। চলতে ফিরতে আরাম তো বটেই, পোলো টি-শার্টগুলো রঙেও ছড়াচ্ছে রংধনু। আসলে গরমে পোলো টি-শার্ট যেমন আরামদায়ক, তেমনি ফ্যাশনেবল। আরামদায়ক এ পোশাক পরা যায় যে কোনো বয়সেই। ক্যাজুয়াল তো বটেই, সেমি ফরমাল হিসেবেও ব্যবহার করতে পারেন পোলো টি-শার্ট। পোলো টি-শার্টের রঙের বৈচিত্র্যেও হয়ে উঠতে পারেন স্টাইলিশ। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণসহ সব বয়সের ফ্যাশনপ্রিয় মানুষের কাছে এ সময়ের প্রিয় পোশাকই হলো পোলো টি-শার্ট। তবে তরুণদের কাছে রাবার ছাড়া কাফ পোলো টি-শার্ট বেশ প্রাধান্য পাচ্ছে। যে গড়নের শরীর হোক না কেন, ঢিলেঢালা পোলো টি-শার্ট না পরে স্মার্টনেস পেতে বেছে নিন ফিট কিংবা সেমি ফিট পোলো টি-শার্ট।
ইজির কর্ণধার ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, ‘গরমে স্টেচিং নিট কাপড়ের পোলো টি-শার্ট আরামদায়ক। টিন ছেলেদের জন্য পাতলা ডেনিম বা কালার টুইস্ট জিন্স প্যান্টের সঙ্গে ম্যাচিং পোলো টি-শার্ট গরমে আরামদায়ক এবং ফ্যাশনেবল হবে।’
বৈচিত্র্যপূর্ণ পোলো টি-শার্ট
ব্র্যান্ডভেদে পোলো টি-শার্টের কাপড় ও বোতামের ডিজাইনে রয়েছে ভিন্নতা। ডিজাইনে স্ট্রাইপ ও এক কালার যেমন রয়েছে, তেমনি কোনো কোনো পোলো টি-শার্টে তিন থেকে চারটি বোতামও দেখা যায়। কোনোটিতে আবার দুই বা তিনটি বোতামও রয়েছে। বোতামহীন পোলো টি-শার্টের কদরও বেশ। বর্তমান বোতামের ডিজাইন বৈচিত্র্যে এগিয়ে রয়েছে মেটালের বোতাম। নতুনত্ব আনতে গলায় ও কাঁধে যোগ করা হচ্ছে বাড়তি নকশা।
রঙের বাহারে ভরপুর পোলো টি-শার্ট
রঙই যেন পোলো টি-শার্টকে করে তুলেছে গর্জিয়াস। লাল, নীল, কলাপাতা সবুজ, ম্যাজেন্ডাসহ বিভিন্ন উজ্জ্বল রঙের পোলো টি-শার্টের সঙ্গে জিন্স কিংবা গ্যাবার্ডিন পরে আপনি ক্যাজুয়াল সাজেও হয়ে উঠতে পারেন গর্জিয়াস। উজ্জ্বল রঙের পাশাপাশি পোলো টি-শার্টে রয়েছে সাদা, ঘিয়া, বাদামি, লেবুরঙসহ বিভিন্ন ধরনের হালকা রঙও। মনমাতানো সব রঙের মধ্যে পেয়ে যাবেন স্ট্রাইপও। এক রঙের পাশাপাশি স্ট্রাইপ পোলো শার্টও বেশ জনপ্রিয়।
গরমে আরাম
গরমে স্টেচিং নিট কাপড়ের পোলো টি-শার্টই সবচেয়ে আরামদায়ক। ১১০ থেকে ১৫০ জিএসএমের নিটেড শার্ট বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এতে কাপড়ের ভেতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারবে। সুতি কাপড় পোলো যেমন আরামদায়ক, তেমনি তাপ নিরোধক। বেশি তাপ শোষণ করে বলে গরমের সময়টাতে কালো রং এড়িয়ে যাওয়াই ভালো।
কোথায় পাবেন
ইজি, দর্জিবাড়ি, প্লাস পয়েন্ট, ডিমান্ড, ওটু, লা রিভ, ইনিফিনিটি, ক্যাটস আইসহ বিভিন্ন ফ্যাশন হাউসে পাবেন আপনার পছন্দের পোলো টি-শার্ট। এছাড়াও পাবেন রাজধানীর আজিজ সুপার মার্কেট, বসুন্ধরা শপিংমল, যমুনা ফিউচার পার্ক, বঙ্গবাজার ও নিউমার্কেটে।
দরদাম
ব্র্যান্ডের পোলো টি-শার্ট পাওয়া যাবে ৫৫০ থেকে ৩০০০ টাকায়। আর নন-ব্র্যান্ডের পোলো টি-শার্ট পাওয়া যাবে ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যেই।
মডেল আরেফিন শুভ
পোশাক ইজি
ছবি চন্দন রায় চৌধুরী
