নাস্তায় ভিন্ন আয়োজন

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৮:২৪

রে সি পি

সাধারণত নাস্তায় একটু ভিন্ন স্বাদের খাবারের দাবি থাকে সবার। তবে খাবারের স্বাদের পাশাপাশি এর পুষ্টির দিকটিও গুরুত্বপূর্ণ। এই আয়োজনে স্বাদে ও পুষ্টিতে অনন্য কিছু খাবারের রেসিপি দেওয়া হলো। রেসিপিগুলো দিয়েছেন আয়েশা ফারজানা

 

 

চিজ অ্যান্ড স্পিনাচ মমো

 

উপকরণ :ময়দা ১ কাপ, চিজ কোড়ানো ১ কাপ, তেল ১ চা চামচ, পালং শাক কুচি (মিহি) করা আধা কাপ। কাঁচা মরিচ কুচি (মিহি) করা ১ চা চামচ, পিঁয়াজ পাতা কুচি ২ টেবিল চামচ, লবণ সামান্য ।

প্রণালি :ময়দায় তেল, লবণ মেখে ডো বানাতে হবে। ডো থেকে ছোট ছোট (লুচির থেকে ছোট) আকারে নিয়ে চিজ পালংসহ অন্যান্য উপকরণ মেখে পুর বানিয়ে এই পুর থেকে ১ চা চামচ করে এর মধ্যে ভরে বিভিন্ন শেপে আটকিয়ে স্টিম করতে হবে। নিচে পানি থাকবে এরকম পাত্রে উপরে ঝাঝরি বসিয়ে তাতে মমোগুলো দিয়ে ঢেকে ১৫ মিনিট রাখতে হবে। এরপর উঠিয়ে ধনে পাতা বা তেঁতুলের সস দিয়ে পরিবেশন করুন।

 

টেস্টি চিজি নেস্টি

 

উপকরণ :চিকন সেমাই ১ কাপ, কন্ডেন্স মিল্ক ১ কাপ, ঘি ২ চা চামচ, ছানা ও টক দই আধা কাপ করে, চিনি ২ টেবিল চামচ, আঙুর, আম, আপেল কুচি বা ছোট করে কাটা, সুইট বল, চেরি, কিউই।

প্রণালি :ঘি দিয়ে সেমাই ভেজে কন্ডেন্স মিল্ক দিন। আঠালো হয়ে এলে নামিয়ে ছোট ছোট বাটির আকারে বানাতে হবে, ছোট বাটির উল্টোদিকে চেপে চেপে বসিয়ে। এবার অন্য পাত্রে ছানা, দই ও চিনি দিয়ে বিট করতে হবে বা ফেটে নিতে হবে। এটা সফট চিজের মতো হবে। যা নেস্টের ভেতর ২ চা চামচ দিয়ে বিভিন্ন ফলের কুচি মিশিয়ে এবং সুইট বল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ফ্রুটস ইয়োগার্ট

 

উপকরণ :টক দই ১ কাপ, কাস্টার্ড ১ কাপ, হুইপড ক্রিম, চকলেট ক্রিম, আপেল, কলা, কালো আঙুর, সবুজ আঙুর, চেরি, কাঠ বাদাম। ওয়েফার ও জেম চকলেট সাজাতে।

প্রণালি :দুটি গ্লাসে প্রথমে সব ধরনের ফল কেটে মিক্স করে নেওয়া থেকে ২ চা চামচ দিন। এর উপর টক দই, আগে থেকে তৈরি করা কাস্টার্ড ২ চা চামচ, চকলেট সিরাপ এবং হুইপড ক্রিম দিন। ওপরে আবার ফল মিক্স, দই, সিরাপ, কাস্টার্ড এবং শেষে হুইপড ক্রিম দিয়ে ফল, চকলেট ও ওয়েফার দিয়ে সাজান সুস্বাদু ও পুষ্টিকর এই ফ্রুটস ইয়োগার্ট।

 

ক্রিসপি পিজ্জা

 

উপকরণ :ডো বানাতে :ময়দা ২ কাপ, চিনি ১ চা চামচ, ইস্ট ১ চা চামচ, তেল ১ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, লবণ সামান্য। ফিলিং :গরু বা মুরগির কিমা মাংস (রান্না করা), টমেটো পিউরি ১ কাপ, মটরশুঁটি সিদ্ধ করা আধা কাপ, ভাজা কাজু বাদাম এক কাপ, ক্যাপসিকাম কুচি ১ কাপ, ফ্রেঞ্চ ফ্রাই ১ কাপ, যেকোনো চিপস এক কাপ, মজেরেলা চিজ।

প্রণালি :ডোয়ের উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ১ ঘণ্টা ঢেকে রাখতে হবে। ফুলে উঠলে পরে রুটির মতো বেলে এর ওপর টমেটোপিউরি দিয়ে একে একে কিমা মাংস, টমেটো কুচি, মটরশুঁটি সিদ্ধ, ভাজা কাজু বাদাম, ক্যাপসিকাম কুচি, ফ্রেঞ্চ ফ্রাই, চিপস দিয়ে উপরে মজেরেলা চিজ ছড়িয়ে ওভেনে ১৫ মিনিট বেক করতে হবে বা তাওয়ায় কম আঁচে ২০ মিনিট রেখে নামাতে হবে ক্রিসপি স্বাদের মজাদার পিজ্জা।

পটেটা গ্রিন গ্রাউন্ড

 

 

উপকরণ :সিদ্ধ আলু চটকে নেওয়া ২ কাপ। ডিম ১টা, চিনি ১ কাপ, কাঠ বাদাম, মোরব্বা কুচি, কাজু বাদাম কুচি, ভ্যানিলা অ্যাসেন্স সামান্য, ঘি ২ টেবিল চামচ, সুইট বল, চেরি, সবুজ ফুড কালার।

প্রণালি :সিদ্ধ আলুর সঙ্গে চিনি, ডিম মিশিয়ে রাখুন। পাত্রে ঘি দিয়ে আলুর মিশ্রণ দিতে হবে। অনবরত নাড়তে হবে। বাদাম কুচি মোরব্বা কুচি দিতে হবে। সবুজ ফুড কালার ও সামান্য অ্যাসেন্স দিয়ে নাড়তে হবে। আঠালো ও ঘনভাব হয়ে এলে নামাতে হবে। ঠাণ্ডা হলে কাঠ বাদাম ও সুইট বল দিয়ে সাজিয়ে নিন।