বিনোদন রিপোর্ট
সিনেমার সংখ্যা কমে গেলেও এখনো নিয়মিত অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। রোজার ঈদে মুক্তি পায় তার অভিনীত ‘নোলক’ সিনেমাটি। বেশ আলোচিত এই সিনেমার পর আবারো নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মৌসুমী।
‘অর্জন ৭১’ শিরোনামে একটি সিনেমা সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী। এই সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয করবেন শতাব্দী ওয়াদুদ। সিনেমাটি পরিচালনা করবেন মির্জা সাখাওয়াত হোসেন। নির্মাণের পাশাপাশি ছবির চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই।
মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান দেখানো হবে সিনেমাটিতে। মুক্তিযুদ্ধে পুলিশ অফিসার আবদুল কাদের মিয়ার বড় এক অবদান ছিল। সেই সময় তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। একই বছরে ১ জুন তাকে গুলি করে হত্যা করা হয়। ছবিতে মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। আর তার স্ত্রীর চরিত্রে থাকবেন মৌসুমী। এফডিসি, রাজারবাগ পুলিশলাইনসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এর শুটিং করা হবে। আজ সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে।
