৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মামুন-রোমান

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৯:২৮

৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে (৬৩ নিউ ইস্কাটন) এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর উপপরিচালক এ. এফ. এম ফিরোজ মাহমুদ নাইম। 

সভায় ২০২৫ ও ২০২৬ সালের জন্য সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি, মহাসচিব, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক পদে কর্মকর্তা নির্বাচন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে সভাপতি পদে নির্বাচন করা হয়। সহ-সভাপতি পদে যথাক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক, ঠাকুরগাঁও সরদার মোস্তফা শাহিন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা মোঃ আব্দুর রাফিউল আলম নির্বাচিত করা হয়।

মহাসচিব পদে নির্বাচিত করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবের একান্ত সচিব মু. তানভীর হাসান রুমানকে। কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বশির আহমেদ এবং সামিউল আমিনকে নির্বাচিত করা হয়। 

কমিটি দ্রততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে জানানো হয়। ৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং ৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভা পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের বিদায়ী সাধারণ সম্পাদক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শিবলী সাদিক।

ইত্তেফাক/জেডএইচডি