বিপিএল শুরু হতে না হতেই নানা সমালোচনা ঘিরে ধরেছিল ক্রিকেটাঙ্গনকে। কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে অন্য একটি খবর। বিসিবির সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের বিরোধ সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমে এসেছে ফারুক আহমেদের বিসিবি সভাপতি হওয়া প্রসঙ্গ। ফারুকের সভাপতি হওয়ার পেছনের ঘটনা নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয় থেকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজুল আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উধাও ছিলেন। পরে তার পদত্যাগপত্র পেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিসিবির বৈঠকে সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এতদিন পর বিসিবি সভাপতি হওয়ার প্রক্রিয়া নিয়ে কথা উঠেছে বলে সংবাদমাধ্যমে এসেছে। এসব নিয়ে গতকাল দিনভর ক্রিকেটাঙ্গনই নয়, দেশের ক্রীড়াঙ্গনে আলোচনামুখর ছিল। বিসিবি থেকেও কেউ মুখ খোলেনি। থমথমে পরিস্থিতি।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ গতকাল মিরপুরে বিপিএল দেখতে গিয়েছিলেন। অন্যান্য সময় খেলা দেখতে গেলে ফারুক সব সময় হাসিখুশি থাকেন। সবার সঙ্গে কথা বলেন। খেলা নিয়ে আলোচনা করেন। কারও পারফরম্যান্স খারাপ-ভালো হলে সেটি নিয়ে নিজেদের মধ্যেও কথা বলেন সাবেক এই ক্রিকেটার। তবে সেই মানুষটিকে নীরব দেখা গেছে।
মিরপুরে সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু ও রকিবুল হাসানের পাশে বসে খেলা দেখছিলেন ফারুক। টিভির পর্দায় একাধিকবার তাকে দেখা গেলেও গম্ভীর দেখা গেছে। সভাপতি হওয়া নিয়ে যে কথা উঠেছে, সে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি ঘটনা অস্বীকার করেননি, স্বীকারও করেননি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে বিসিবির অবস্থান নিয়ে প্রশ্ন করলে ইত্তেফাককে বিসিবি সভাপতি ফারুক বলেন, 'দেখা যাক, কী হয়।'
