স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে মূল ম্যাচ ‘টাই’ হওয়ায় খেলা গড়িয়েছিলো সুপার ওভারে। সেখানেও ইংল্যান্ডের করা ১৫ রানের সমান সংখ্যক রানই করেছিলো নিউজিল্যান্ড। তারপরও বিজিত দলে থেকে টুর্নামেন্ট শেষ করে ব্ল্যাকক্যাপসরা। শুধু বাউন্ডারি সংখ্যায় পিছিয়ে থেকে বিশ্বকাপ ফাইনালে এমন ‘পরাজয়’ মেনে নেয়া কঠিন বলেই জানালেন দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।
বিশ্বকাপের নিয়মানুসারে মূল ম্যাচের পর দুই দলের সংগ্রহ সমান থাকলে খেলা গড়ায় সুপারওভারে। সেখানেও যদি খেলার নিষ্পত্তি না ঘটে তবে বেশি বাউন্ডারি হাঁকানো দলটিকেই বিজয়ী ঘোষণা করা হয়। এমন অভিনব নিয়মেই রবিবার রাতে শিরোপার নিষ্পত্তি ঘটে, ফলে ম্যাচে বেশি বাউন্ডারি হাঁকানো ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে। এত কাছে এসেও শিরোপা ছুঁতে না পারার বেদনায় নীল নিউজিল্যান্ড। দলপতি উইলিয়ামসন জানালেন হারের জন্য এর চেয়ে বেদনাদায়ক উপায় আর হতেই পারে না। তবে বিশ্বকাপের সেরা খেলোয়াড় এ নিয়ে টুর্নামেন্ট আয়োজক আইসিসির ওপর দোষারোপ করতে নারাজ।
উইলিয়ামসনের ভাষায়: ‘তারা কিভাবে জিতেছে? বাউন্ডারি সংখ্যায়? যখন আবেগগুলো খুব কাঁচা থাকে তখন এটা মেনে নেয়া কঠিন। বিশেষ করে দুটো দলই যখন এমন মুহূর্তের জন্য কঠোর পরিশ্রম করে নিজেদের প্রস্তুত করে তোলে।’
নিয়মটা বেদনাদায়ক হলেও মেনে নিতে হবে বলেই জানান উইলিয়ামসন, ‘দুই দলকে আলাদা করতে আমরা দুটো চেষ্টা করেছিলাম কিন্তু তারপরেও কাজ হয়নি। নিয়ম তো নিয়মই! শুরু থেকেই এই নিয়ম ছিলো এবং তারাও হয়তো কল্পনা করেনি যে নিয়মটা ব্যবহার করতে হবে তাদের!’
এর আগে ২০১৫ বিশ্বকাপের ফাইনালেও পরাজিত দলের নামটি ছিলো নিউজিল্যান্ড। চার বছর পর এত কাছে যাওয়ার পরেও খালি হাতে ফিরতে হলো দলটিকে। নিউজিল্যান্ড অধিনায়ক জানালেন স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ছে তার দল।
তিনি বলেন, ‘ভেতরে ভেতরে পুড়ছি আমরা, অবশ্যই। ফাইনালে আসতে আমরা দারুণ পরিশ্রম করেছিলাম এবং আমাদের সাধ্যমতো চেষ্টা করেছিলাম। কিছু কিছু ব্যাপার আছে যা আমাদের নিয়ন্ত্রণে নেই এবং এ নিয়ে অনেক কথাও বলেছি আমি। আজ এমন কিছুই হয়েছিলো যেটা মেনে নেয়া কঠিন। যোগ্য দল হিসেবেই ইংল্যান্ড জিতেছে, কোনো কিছুই তাদের কৃতিত্ব খর্ব করতে পারবে না।’ ফাইনালে দলীয় সংগ্রহে মাত্র ৩০ রান যোগ করে আউট হলেও টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরমেন্স আর মাঠে দারুণ অধিনায়কত্বের কারণে সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে উইলিয়ামসনের হাতেই। ফাইনালের মতো মঞ্চে কম পুঁজি নিয়েও দারুণভাবে লড়ে যাওয়ায় দলের এমন মানসিকতায় গর্বিত ব্ল্যাকক্যাপস দলপতি, ‘ব্যবধানটা খুবই কম কিন্তু যেটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি তা হলো দলের লড়াকু মানসিকতা। এটা পুরো টুর্নামেন্টজুড়েই দেখিয়েছে আমার দল।’
