শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন চম্পকা-জাফর

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:০৯

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপের পর হঠাত্ করেই খালি হয়ে গেছে বাংলাদেশের জমজমাট কোচিং প্যানেল। প্রধান কোচ স্টিভ রোডস চাকরি হারিয়েছেন। চুক্তি নবায়ন হয়নি দুই বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও সুনীল যোশীর সঙ্গে। এ মুহূর্তে দলের সঙ্গে সম্ভবত যোগ দিচ্ছেন না ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি।

এ অবস্থায় প্রত্যেক কোচের একটা সাময়িক বিকল্প খুঁজে বের করতে হচ্ছে বিসিবিকে। কয়েক দিনের মধ্যেই তিন ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। সেই সফরের আগে স্থায়ী কোচদের নিয়োগ হওয়ার সম্ভাবনা খুব কম। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বললেন, তারা কয়েক জন বিকল্প কোচ নিয়েই শ্রীলঙ্কা যাচ্ছেন।

আপাতত প্রধান কোচের কাজটা যে খালেদ মাহমুদ সুজন করবেন, এটা মোটামুটি জানা তথ্য। আকরাম বললেন, এ ঘোষণাটা আসতে দুই একদিন সময় লাগবে। তবে তিনি নিশ্চিত করলেন শ্রীলঙ্কা সফরে বোলিং কোচ হিসেবে চম্পকা রামানায়েকে এবং ব্যাটিং কোচ হিসেবে ওয়াসিম জাফর যাচ্ছেন।

চম্পকা রমানায়েকে এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জাতীয় দলে বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এখন তিনি বিসিবির ক্রিকেট অ্যাকাডেমিতে কাজ করছেন। একই অ্যাকাডেমিতে আছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান ওয়াসিম জাফর। এই দুই জনের আপাতত জাতীয় দলে দায়িত্ব পালন প্রসঙ্গে আকরাম বলছিলেন, ‘চম্পকাও কিন্তু খুব ভালো একজন বোলিং কোচ। আমাদের ব্যাকআপ আছে। তাঁকে আপাতত এ সিরিজে নিয়ে যাব আমরা। ম্যাকেঞ্জি যদি সময় দিতে না পারে তাহলে (ওয়াসিম) জাফরকে আমরা নিয়ে যাচ্ছি।’ আপাতত যে প্রধান কোচ হিসেবে সাবেক অধিনায়ক ও বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব পালন করা সুজনকে নেওয়া হবে সে ইঙ্গিত আকরাম দিয়ে রাখলেন, ‘হেড কোচের ব্যাপারে ক্রাইসিস আছে। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপাতত সুজনকে দিয়ে আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে অন্য কোচ দেখব আমরা। অন্তর্বর্তীকালীন কোচ সুজন কি না এটা আমরা দেখছি। দুই তিন দিন পর সিদ্ধান্ত জানাব।’

আপাতত খেলোয়াড়দের ট্রেনিং কার অধীনে হবে, সে নিয়ে কথা বলতে গিয়েও আকরামের কণ্ঠে সুজনের নাম এলো। তিনি বলছিলেন, ‘লং টাইমের জন্য যদি আমরা ওরকম যোগ্য কোচ পাই তাহলে সে দেখবে ট্রেইনিং। এটার সম্ভাবনা কম। আপাতত আমরা সুজনকে নিয়ে চিন্তা করছি। এটাই প্ল্যান। আর আমাদের ফিল্ডিং কোচের (রায়ান কুক) সঙ্গে যোগাযোগ করছি। সে আসবে। শ্রীলঙ্কা সিরিজের আগেই যোগ দিবে।’ প্রধান কোচ দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ট্রেনার ও ফিজিও কাজ চালাবেন। সেটা নিশ্চিত করে আকরাম বলেছেন, ‘ফিজিও চলে আসবে। প্রথম দিন তো মারিও আসবে। সবার ফিটনেস দেখবে। এরপর ১৮ তারিখ থেকে ব্যাটিং বোলিং যা দরকার শুরু হয়ে যাবে।’ সুজন কোচ হয়ে গেলে নতুন কাউকে আবার দলের ম্যানেজার পদে বেছে নিতে হবে। তবে আকরাম বললেন, ম্যানেজার নিয়ে খুব একটা চিন্তিত নন তারা, ‘ম্যানেজার কে হবে চিন্তায় আছি। ওটা এতো গুরুত্বপূর্ণ না। মূল হচ্ছে কে কোচ হবে সেটা। আপাতত সুজন আছে, ফিজিও আছে, ফিল্ডিং কোচ আছে। এদের আমরা পুরোনো কোচিং স্টাফ ঠেকে পাচ্ছি।’