ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়াকে আটক করতে তার সম্পর্কিত তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাকে ধরতে এক লাখ ডলার পরিমাণ পুরস্কার ঘোষণা করা হয়েছে। স্পেনে নির্বাসন ত্যাগ করে উরুতিয়া এখন আর্জেন্টিনার পথে আছেন বলে জানা গেছে।
উরুতিয়া জোরালোভাবে বলে আসছেন, গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে পরাজিত করেছেন।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্র এএফপিকে বলেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে উরুতিয়া বুয়েনস আইরেস পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে গঞ্জালেজ উরুতিয়া লিখেছেন, লাতিন আমেরিকায় আমাদের ভ্রমণ শুরু হলো। প্রথম স্টপেজ আর্জেন্টিনা।
এক্সে একটি বিবৃতিও শেয়ার করেছেন তিনি। সেখানে বলা হয়েছে, আগামীকাল শনিবার আর্জেন্টিনার নেতা জেভিয়ার মিলেইর সঙ্গে দেখা করবেন উরুতিয়া। আর্জেন্টিনার প্লাজা দে মায়ো চত্বরে সমবেত হতে ভেনেজুয়েলার নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
১০ জানুয়ারি অনুগত সামরিক বাহিনীর সমর্থনে নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর শপথ নেওয়ার কথা। তবে ৭৫ বছর বয়সী উরুতিয়া মনে করেছেন, দেশে ফিরে মাদুরোর জায়গায় তিনিই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
