সিরিজ হারলো বাংলাদেশিরা

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:১০

আফগান ‘এ’ দলের সফর

স্পোর্টস রিপোর্টার

বৃষ্টিতে প্রথম তিন দিন সেভাবে খেলা হতে পারেনি চট্টগ্রাম জহুর আহেদ চৌধুরী স্টেডিয়ামে। গতকাল বাংলাদেশ ‘এ’ দল ২০০ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। জবাবে আফগানিস্তান ‘এ’ দল ২ উইকেটে ১৬৩ রান তুলতে দিনের খেলা শেষ হয়ে যায়। ফলে ড্র হয় এই ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে আফগানরা জয় পাওয়ায় চার দিনের ম্যাচের সিরিজটা তারাই জিতে নিলো।

চট্টগ্রামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের প্রথম দিনে ৭.৪ ওভারে ১ উইকেটে ১৮ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে খেলা হয়নি। তৃতীয় দিনে ৩২.২ ওভার খেলা হয়েছে। গতকাল শেষ দিনে অবশ্য আর বৃষ্টির বাগড়া ছিলো না।

২ উইকেটে ১১২ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের হয়ে মোহাম্মদ নাঈম ৬৫ ও রকিবুল হাসান ৬১ রান করেন। এ ছাড়া মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে আর কেউ তেমন রান পাননি। ইয়ামিন আহমাদজাই, শরাফউদ্দিন আশরাফ ও কায়েস আহমেদ ৩টি করে উইকেট নেন। ফলে ৭৭.৩ ওভারে অলআউট হয় বাংলাদেশ।

জবাবে দলীয় ২৮ রানেই প্রথম উইকেট হারিয়েছিলো আফগানরা। এরপর তারা স্বচ্ছন্দে ব্যাট করতে থাকে। ইব্রাহিদ জাদরান ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ৯৬ রানে রানআউট হন তিনি। আর বাহির শাহ ৫২ রানে অপরাজিত থাকেন।