মীর্জাগঞ্জ কোর্টের পুলিশ ব্যারাক ঝুঁকিপূর্ণ

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:১৯

ছাদের আস্তর খসে পড়ছে

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জ উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ঝুঁকিপূর্ণ পুলিশ ব্যারাকের বিরাট অংশের ছাদের আস্তর গতকাল সোমবার সকাল ১১টায় খসে পড়েছে। এ সময় ঐ ব্যারাকে বসবাসরত পুলিশ সদস্যরা কোর্টে কর্মরত থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্টে কর্মরত এএসআই মো. নিজাম উদ্দিন জানান, দীর্ঘ ৩০ বছর আগে এই কোর্ট ভবন নির্মাণ করা হয়। নির্মাণের পর গত দুই/তিন বছর পূর্বে কোর্ট ভবনের এজলাসসহ বিভিন্ন অংশ মেরামত হলেও অদ্যাবধি পুলিশ ব্যারাক আদৌ সংস্কার কিংবা মেরামত করা হয়নি। ব্যারাকে বর্তমানে ১২ জন পুলিশ বসবাস করছে। এটি মেরামতের অভাবে ব্যারাকের ছাদ ও বীমের আস্তর অনবরত খসে পড়ছে। ফলে পুলিশ ব্যারাক সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

ফলে আতঙ্কগ্রস্ত পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গতকাল সোমবার আদালত শেষে তাদের প্রয়োজনীয় আসবাবপত্রসহ কোর্ট ভবনের তত্কালীন সহকারী জজ আদালতের এজলাস কক্ষে অবস্থান নিতে বাধ্য হয়েছেন।

এ ব্যাপারে উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহি সাংবাদিকদের বলেন, অচিরেই কোর্ট ভবনের পুলিশ ব্যারাক মেরামত করা একান্ত আবশ্যক। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।