চট্টগ্রামে গিয়াস কাদের চৌধুরীকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২২:৪৮

চট্টগ্রামের আদালতে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, পুলিশের আবেদনের প্রেক্ষিতে ফটিকছড়ি থানায় দায়ের হওয়া নাশকতা ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ইতোপূর্বে গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের হওয়া অপর মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, বিএনপি’র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৭ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। গত রবিবার যাচাই-বাছাইয়ে ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা।