পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
পাটগ্রাম পৌরসভার প্রধান ফটক বন্ধ করে ব্যানার টানিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পাটগ্রাম পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা। বেতন-ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার দাবিতে বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার অনির্দিষ্টকালের এ কর্মবিরতি শুরু হয়।
পাটগ্রাম পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আহসানুল হক, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন রংপুর বিভাগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশিদ, পাটগ্রাম পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক অনুপ কুমার রায় প্রমুখ কর্মসূচিতে অংশ নেন। এ সময় পাটগ্রাম পৌর মেয়র শমসের আলী, কাউন্সিলর আজিজুল হক দুলালসহ সকল কাউন্সিলর কর্মবিরতি পালনে একাত্মতা ঘোষণা করেন।
