সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশের আগে চোখে পড়ে নয়নাভিরাম চা বাগানের। ঢাকার আকাশে সূর্যের দেখা মেলেনি বিপিএলের তৃতীয় ও চতুর্থ দিনের খেলায়। কিন্তু আজ সিলেটে একাদশ বিপিএল গড়ানোর আগে গতকাল সূর্যস্নান ও অনুশীলন একসঙ্গে করেছেন ক্রিকেটাররা। পৌষের আকাশের রঙিন সূর্যে চা বাগান যেন সেজে উঠেছিল নতুনভাবে। মিরপুর থেকে একাদশ বিপিএল এখন দুটি পাতা একটি কুঁড়ির দেশে। বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে সিলেটে বাড়তি আমেজ তৈরি হয়েছে।
আজ দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে সিলেট পর্বের খেলা শুরু হবে। সন্ধ্যায় মাঠে নামবে দুর্বার রাজশাহী-ফরচুন বরিশাল। গতকাল চার দলই লাক্কাতুরার আউটারে অনুশীলন করেছে। সিলেটে খেলা শুরু হওয়ার আগে স্টেডিয়ামে হাজির হয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। রোববার বিকেলে দীর্ঘক্ষণ উইকেট দেখেছেন। যে উইকেটে আজ খেলা হবে সেটিসহ আশেপাশের সবগুলো উইকেট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। হাত দিয়ে পরখ করে দেখেছেন।
বিপিএলের আগে ঢেলে সাজানো হয়েছে গোটা স্টেডিয়ামকে। অধিকাংশ জায়গায় রং করা থেকে শুরু করে গ্যালারির চেয়ারে লেগেছে নতুনত্বের ছোঁয়া। মাঠে বসানো হয়েছে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড। তবে মিরপুরের মতো সিলেটেও থাকছে না স্পাইডার ও বাগি ক্যামেরা। কিন্তু সেসব নিয়ে ভাবছে না সমর্থকরা। প্রথম দিনের খেলা দেখতে গতকাল টিকিট প্রত্যাশীদের ভিড়ও চোখে পড়ার মতো ছিল। লাক্কাতুরা দিয়ে প্রবেশের মুখেই টিকিট কাউন্টার। সেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে। টিকিট অনলাইনেও কাটার ব্যবস্থা রয়েছে।
গতকাল রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অনলাইনে পর্যাপ্ত টিকিট পাওয়া যাচ্ছিল। তাতে মিরপুরে টিকিট নিয়ে যে ভোগান্তি তৈরি হয়েছিল, সেটি থেকে মুক্তি মেলার আভাস দিয়েছে সিলেট। এদিকে আজকের ম্যাচের আগে গতকাল কঠোর অনুশীলন করেছে চার দল। দিনের প্রথম খেলা নিয়ে সিলেট স্ট্রাইকার্সের ফিল্ডিং কোচ ডলার মাহমুদ বলেছেন, 'ক্রিকেটারদের যে কাজ করা উচিত তারা সেটি করতে প্রস্তুত। দলে বড় তারকা সেভাবে না থাকলেও ক্রিকেটারদের নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। আমাদের দলে যেসব বিদেশি ক্রিকেটার রয়েছেন, তারা শেষ পর্যন্ত থাকবেন। তাতে দলে স্থিতিশীলতা আসবে।'
রংপুরের ক্রিকেটার আজিজুল হাকিম তামিম জানিয়েছেন, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছেন। প্রতি ম্যাচ ধরে ধরে সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন তারা।
সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে রাজশাহী- বরিশাল। এই ম্যাচ নিয়ে বরিশালের ক্রিকেটার কাইল মায়ার্স বলেছেন, 'নতুন মৌসুম, নতুন দল। দলটা বেশ ভালো। এখনও যদিও যেভাবে খেলতে চেয়েছি সেভাবে পারিনি। তবে এটাই ক্রিকেট। বিশ্বের সেরা দলের সাথেও এমনটা হতে পারে। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে মুখিয়ে আছি। টুর্নামেন্টের শুরুতে এমন হতেই পারে। গত বছরের অনেকেই আছে দলে, নতুন অনেকেও আছে। সেরা কম্বিনেশন নিয়ে সেরা ক্রিকেট খেলতে চাই আমরা।'
অলরাউন্ডার কাইল মায়ার্স আরও বলেছেন, 'মাত্র দুটি ম্যাচ গেল। সামনে কী আসবে তা এখনই বলতে পারছি না। অবশ্যই সব ম্যাচে রান করা সম্ভব হবে না। গত মৌসুমের চ্যাম্পিয়ন আমরা। এ মৌসুমেও ভালো করতে চাই। মোমেন্টাম ধরে রাখা গুরুত্বপূর্ণ। মাত্র দুটি ম্যাচ খেলেছি তাই এখনও চিন্তিত নই। আমি আমার দায়িত্বের দিকেই মনোযোগ রাখছি।'
এর আগে ঢাকায় ৩টি ম্যাচ খেলে ২টিতেই হেরেছিল রাজশাহী। এবার সিলেটে দলটি ঘুরে দাঁড়াতে চায় বলে জানিয়েছেন সোহাগ গাজী। প্রতিপক্ষ বরিশাল বড় দল হলেও সমীহ করার প্রয়োজন মনে করেন না তিনি। তার মতে মাঠে যে দল প্রমাণ করতে পারবে, তারাই বড় দল। তবে রাজশাহীর জন্য যে বড় চ্যালেঞ্জ থাকবে, সেটি অস্বীকার করেননি সোহাগ। মিরপুরে বোলিংয়ে যে জায়গাগুলোতে সমস্যা হয়েছে, সিলেটে তার সমাধান নিয়েই মাঠে নামার কথা বলেছেন ডানহাতি এই অফব্রেক বোলার। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল মুখোমুখি ঐ খেলায় সম্ভাবনা জাগিয়ে হেরেছি রাজশাহী।
