এক সপ্তাহে তিন দফা বেড়েছে কাঁচা মরিচের দাম!

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:২৮

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে কাঁচা মরিচের দাম বাড়ছেই। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার হাট-বাজারে তিন দফা দাম বেড়েছে।

মরিচ ক্রেতা আব্দুল মজিদ, আব্দুল মালেক ও রতন বিশ্বাসসহ অনেকেই  জানান, গত ৯ জুলাই সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ৬০ থেকে ৭০ টাকা দরে। এরপর অর্থাত্ ১২ জুলাই প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি করা হয় ১০০ টাকা দরে। আর সোমবার সুজানগর পৌর বাজারসহ অধিকাংশ হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ১৩০ থেকে ১৫০ টাকা দরে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম তিন দফা বেড়ে যাওয়ায় ক্রেতারা হতাশ হয়ে পড়েছেন।

পৌর বাজারের সবজি ব্যবসায়ী আতাউর রহমান বলেন, বৃষ্টিতে মরিচের খেত নষ্ট হয়ে যাওয়ায় আমদানি কম গেছে। সে কারণে হাট-বাজারে দাম বেড়েছে। আমদানি বাড়লেই দাম কমে যাবে।