রাণীশংকৈল পাইলট হাইস্কুলে ফলাফল বিভ্রাট, চিন্তায় শিক্ষার্থী-অভিভাবক

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৯:৫২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট হাইস্কুলে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফলে বিভ্রাট ঘটেছে। ফলে ভুক্তভোগী শিক্ষার্থী-অভিভাবকরা চিন্তায় পড়েছেন। সরেজমিনে ওই স্কুলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। 

জানা যায়, ২০২৪ সালে প্রতিষ্ঠানটির বার্ষিক পরীক্ষায় প্রায় নয়শত শিক্ষার্থী অংশ নেয়। যার ফলাফল গত ৩১ ডিসেম্বর অনলাইনে প্রকাশিত হয়। এরপর স্কুল কর্তৃপক্ষ ফলাফলের মার্কশিট শিক্ষার্থীদের দেন। তাতে দেখা যায় কিছু কিছু মার্কশিটে কম নম্বর, কোনো কোনো বিষয়ে নম্বর না থাকা, সিরিয়াল এলোমেলো হওয়াসহ বিভিন্ন ত্রুটি। 

এ বিষয়ে প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, অনলাইনের মাধ্যমে গত ৩১ ডিসেম্বর এ ফলাফল প্রকাশ করা হয়। তাতে মূলত বোর্ড থেকে সফটওয়্যার ও অ্যাপস বদল হওয়ার কারণে ফলাফলে এ ত্রুটি ঘটেছে। ইতিমধ্যে আমরা ত্রুটিপুর্ণ মার্কসশিটগুলো অফিসে জমা নিয়েছি। সেগুলি সংশোধন করে দু'একদিনের মধ্যেই সঠিক ফলাফল প্রকাশ করা হবে।

স্কুলের শিক্ষকরা কোচিং বাণিজ্যে জড়িত কি না? এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, কোনো শিক্ষক কোচিংয়ে জড়িত কিনা আমি ঠিক জানিনা। এ বিষয়ে তথ্য পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কোচিং বিষয়ে সহকারি শিক্ষক মোশাররফ হোসেন বলেন, স্কুলের সবাই না, আমাদের পাঁচ-ছয়জন শিক্ষক কোচিংয়ে জড়িত। এছাড়া দ্রুত সংশোধিত ফলাফলের অপেক্ষা করছেন করছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

ইত্তেফাক/এএম