কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
কালাই উপজেলার মোলামগাড়ী বাজারের কাছে সোমবার সকালে একটি বাড়িতে বিদ্যুত্স্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—ঐ এলাকার বাসিন্দা স্বর্ণকার ফরিদুল ইসলামের স্ত্রী স্বপ্না বেগম (৩২) ও তার মেয়ে শিমু আক্তার (৪)।
স্থানীয়রা জানান, স্বপ্না বেগম উঠানে মিটারের তারের সঙ্গে লাগানো জিআই তারের ওপরে শুকানোর জন্য কাপড় দিতে যান। এ সময় বিদ্যুতের তারে হাত পড়লে চিত্কার দিয়ে ওঠেন। চিত্কার শুনে সঙ্গে থাকা মেয়ে শিমু মাকে জড়িয়ে ধরলে সেও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক দুই জনকেই মৃত ঘোষণা করেন।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, তালায় সোমবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম সাজ্জাত ফকির (৫৮)। তিনি উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মৃত মোজার ফকিরের ছেলে।
তালা থানার ওসি মো. রাসেল মেহেদী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
