গাজীপুরের কালীগঞ্জে শাকিল মোল্লা (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পৃথক অভিযানে ইব্রাহিম মোল্লা (৩৩) ও সৈকত বিশ্বাস (২৫) নামে তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) কালীগঞ্জ থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, শাকিল মোল্লাকে ওই দিন সকালে তার শ্বশুর বাড়ি উপজেলার বালুয়াভিটা গ্রাম থেকে ও তার দুই সহযোগীকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে কলাপাটুয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইব্রাহিম ও সৈকতকে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার শাকিল মোল্লা উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপটুয়া এলাকার করিম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজী, ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে। অন্যদিকে, ইব্রাহিম একই গ্রামের মো. জলিল মোল্লার ছেলে ও সৈকত একই ইউনিয়নের ছৈলাদী গ্রামের মৃত স্বপন বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, একটি চোরাই পিকআপ ছিনিয়ে নেওয়ার মামলায় মঙ্গলবার দিবাগত গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলাপাটুয়া গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল মোল্লা পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে ছিনিয়ে নেওয়া চোরাই পিকআপ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, শাকিল মোল্লা পালিয়ে তার শ্বশুর বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
