স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে পদ্মায় ভ্রমণের জন্য অন্যদের সঙ্গে নৌকায় ওঠে দুই তরুণী। নৌকাটি ছাড়ার ঠিক দুই মিনিট পরই সহযাত্রীরা বলেন, ঐ পড়ে গেল, পড়ে গেল। তাদের সঙ্গে পানিতে ভাসছিল একটি কাঠের বেঞ্চ। ঐ কাঠের বেঞ্চসহ প্রমত্তা পদ্মার ঢেউয়ে তলিয়ে যান দুই তরুণী। প্রায় ১০ সেকেন্ড পর পানি থেকে ওঠে দুজন কাঠ ধরেই ভেসে থাকেন। এরপর দুই নৌকার চেষ্টায় তাদের উদ্ধার করা হয়।
এভাবেই রবিবার সন্ধ্যায় নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মার প্রবল স্রোতে ঝুঁকিপূর্ণ নৌকা ভ্রমণের সময় পড়ে যাওয়া দুই তরুণীকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে মাঝে মধ্যেই এ ধরনের ঘটনা ঘটে পদ্মায়। প্রায় দিনই নৌকা থেকে মানুষ নদীতে পড়ে যায়। কিন্তু তারপরও কোনো ধরনের নিরাপত্তা না নিয়েই ঐসব নৌকা চালকরা দাপিয়ে বেড়াচ্ছে পদ্মার বুকে। পদ্মা পানিতে এখন পরিপূর্ণ। ফলে বেড়েছে স্রোতের তীব্রতাও। শ্রীরামপুরের টি-বাঁধ এলাকায় স্রোতের ঘূর্ণি সৃষ্টি হয়। তাই ডিঙি, স্যালোসহ সকল প্রকার ছোটো নৌকা চলাচল নিষেধ করা হলেও কেউ তা মানছে না।
মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, ঘটনাটি তার জানা নেই। সোমবার (গতকাল) থেকেই আমরা নদীতে ঢেউ থাকা পর্যন্ত কোনো ভ্রমণকারী নৌকা আর চলতে দেব না। পাশাপাশি সচেতনতার জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করব।
