মুক্তির পর থেকেই বেশ আলোচনায় রয়েছে নুহাশ হুমায়ূনের ‘২ষ’। নুহাশ পরিচালিত আলোচিত সিরিজ ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন ‘২ষ’। এবারের গল্প লিখেছেন নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান। দ্বিতীয় সিজনে চার সপ্তাহে মুক্তি পাবে চারটি নতুন গল্প।
এগুলো হলো–‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। এরই মধ্যে প্রথম তিনটি পর্ব মুক্তি পেয়েছে আর ব্যাপক সাড়াও ফেলেছে। এবার মুক্তির অপেক্ষায় চতুর্থ পর্ব ‘বেসুরা’। বুধবার (৮ জানুয়ারি) রাত ১২টায় মুক্তি পাবে পর্বটি।
ছোট্ট একটি মেয়ে সুর সাধনা করছে, কিন্তু সেই সুর বেসুরো হওয়ায় বলা হয়, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; যদি মেয়েটির গলায় সুর না আসে, তাহলে তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে।
নির্মাতা নুহাশ হুমায়ূনের ওয়েব সিরিজ ‘২ষ’ র শেষ পর্ব ‘বেসুরা’তে এমন গল্পের আভাস দিয়েছে এর ট্রেইলার।
এই সিরিজ দিয়ে ওটিটি যাত্রা শুরু করলেন অভিনেত্রী সুমাইয়া শিমুকে। তবে কেবল শিমু নয়, ‘বেসুরা’ দিয়ে অভিনয়ে নাম লেখালেন সংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকার।
বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, ‘বেসুরা’ পর্ব দিয়েই শেষ হচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন।
প্রকাশ পেয়েছে ‘বেসুরা’র ট্রেইলার। ভিডিওতে দেখানো হয়েছে, সুরের সাধনা করা ছোট মেয়েটি জানতে পারে, সুরের সন্ধান পেতে হলে তাকে যেতে হবে ডাইনির কাছে। ট্রেইলারের শেষে ডাইনির ঝলকও দেখানো হয়েছে।
ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ‘ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। আমি যে ধরনের কাজ করতে চাই, ‘২ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রতিশ্রুতিশীল পরিচালক। সব মিলিয়ে কাজটা ভালো মনে হয়েছে।’
‘২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য আর ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
প্রথমবার অভিনয় নিয়ে ইসলাম উদ্দিন পালাকার বলেন, ‘আমাকে ফোন করে বলা হল, অভিনয় করতে হবে। চিন্তায় পড়ে গেলাম। বহুবার ক্যামেরার সামনে দাঁড়ালেও অভিনয় করিনি। যখন জানলাম, প্রীতম হাসান ভাই আছেন, তখন ভরসা পেলাম, সম্মতি জানালাম।’
অভিনয় করতে ‘ভালোই লেগেছে’ জানিয়ে পালাকার বলেন, ‘গান আর সংলাপগুলো আমার মতো করেই করা। তাই কোনো অসুবিধাও হয় নাই।’
নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন, ‘এটাকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এ পর্বে যেহেতু সুর-বেসুরের ব্যাপার রয়েছে, তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে। এখানে আমরা অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছি।’
বেসুরায় আরো অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ আরও অনেকে।

