নাজিরপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দুই প্রতারক গ্রেফতার

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:৩৮

পিরোজপুর অফিস

কখনো সাংবাদিক, কখনো সরকারি কর্মচারী আবার রাজনৈতিক দলের নেতা এসব পরিচয় দিয়ে কিছুদিন ধরে পিরোজপুর জেলা শহর ও মফস্বলে প্রতারণা করে আসছিল এ দুই জন। সংবাদ প্রকাশ, মামলা রুজু বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজিও করত। গতকাল সোমবার পিরোজপুরের নাজিরপুরে সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করতে গিয়ে ইমাম হোসেন জমাদ্দার ও সরোয়ার হোসেন নামে দুই ব্যক্তি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আবুল হাসান নামে এক পল্লি চিকিত্সক সোমবার নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। নাজিরপুর থানার ওসি মুনিরুল ইসলাম মুনির মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ইমাম হোসেন জমাদ্দার জেলার কাউখালী উপজেলার নিলতী গ্রামের আবু সালেক জমাদ্দারের ছেলে এবং সরোয়ার হোসেন জেলার ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের মৃত আব্দুর সাত্তার হাওলাদারের ছেলে।