ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ইত্তেফাক রিপোর্ট
বিনামূল্যে ডেঙ্গু চিকিত্সায় গতকাল থেকে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা। ডেঙ্গু ছাড়াও অন্য কোনো প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রয়োজন হলেও প্রাথমিক চিকিত্সাসেবার জন্য সংস্থাটির হটলাইন ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করলে বাসায় চলে যাবে স্বাস্থ্যকর্মী। ডেঙ্গু চিকিত্সায় সংস্থাটি ৬৭টি মেডিক্যাল টিম গঠন করেছে। যারা বিভিন্ন এলাকায় ৪৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা অবস্থান করবেন, বিনামূল্যে চিকিত্সাসেবা দেবেন। এছাড়াও চলতি মাস থেকে সিটি করপোরেশনের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর আবাস বা জন্মস্থান ধ্বংস করা হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্থাটির মেয়র সাঈদ খোকন।
গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে নগর ভবনে ‘বিশেষ প্রাথ?মিক সেবাপক্ষ ২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। ঢাকা দক্ষিণের মেয়র আরো বলেন, এবার ৪২৪৭ জন নাগরিক বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুর চিকিত্সাসেবা নিয়েছেন। এরা শুধু ঢাকা উত্তর ও দক্ষিণের নাগরিক নয়, এরা দেশের বিভিন্ন এলাকার। ডিএসসিসিতে ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ৮৪ জন, যাদের ৩৪ জন এখনো চিকিত্সাধীন রয়েছেন।
