শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু আজ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১১:৫৬

পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে চায়ের রাজধানী খ্যাত দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ শুক্রবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’। বিকাল ৩টায় বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই) সংলগ্ন কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান এবং সভাপতিত্ব করবেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

হারমোনি ফেস্টিভ্যাল স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন উপকরণের প্রদর্শনীসহ এ অঞ্চলের ঐতিহ্যবাহী সুস্বাদু সব খাবারের পসরা বসবে মেলায়। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ ফেস্টিভাল।

উৎসবে খাসিয়া, গারো, মণিপুরী, ত্রিপুরা, সবর, খাড়িয়া, রিকিয়াসন, বারাইক, কন্দ, রাজবল্বব, ভূঁইয়া, সাঁওতাল, ওরাও, গড়াইত, মুন্ডা, কুর্মী, ভুমিজ, বুনারাজি, লোহার, গঞ্জু, কড়া জনগোষ্ঠী অংশ নিচ্ছেন। ইতিমধ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় তাদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারীরা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, শ্রীমঙ্গল ও সংলগ্ন এলাকায় বসবাসরত সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের একটি প্ল্যাটফরমে নিয়ে আসা হবে ফেস্টিভ্যালের মাধ্যমে। এছাড়া মেলায় ৪৪টি স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য, খাবার, জীবনাচার, পোশাক ইত্যাদি প্রদর্শন ও বিক্রয় করবে। এছাড়াও তাদের সংস্কৃতি, নাচ-গান, ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়াদি মঞ্চে পারফরম্যান্স করবেন।

ইত্তেফাক/জেডএইচডি