যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতোমধ্যে দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। শুক্রবার (১০ জানুয়ারি) বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
এমন পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্য চাইলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এমন ভয়ংকর দাবানল আগে কখনো হয়নি।
তিনি বলেছেন, জাতীয় তহবিল থেকে ক্যালিফোর্নিয়াকে আরও অর্থ দেওয়া হবে, যাতে তারা দাবানলের মোকাবিলা করতে পারে এবং পুনর্গঠনের কাজ করতে পারে।
এর আগে বাইডেন হোয়াইট হাউসে প্রশাসকদের নিয়ে বিশেষ বৈঠক ডেকেছিলেন। এরপর তিনি জানান, সবচেয়ে ভয়ংকর দাবানলের কবলে পড়েছে ক্যালিফোর্নিয়া।
তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় ক্যালিফোর্নিয়াকে যাতে বিশেষ সাহায্য দেওয়া যায়, সেজন্য তিনি মার্কিন কংগ্রেসের সদস্যদের কাছে বিশেষ আবেদন জানাচ্ছেন। দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য কংগ্রেসকেও অনুরোধ করেছেন তিনি।
প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শেষ বিদেশ সফরে রোম ও ভ্যাটিকান যাওয়ার কথা ছিল। কিন্তু দাবানল-পরিস্থিতির দিকে নজর রাখার জন্য সেই সফর বাতিল করেছেন তিনি।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও তার শেষ বিদেশ সফরে সিঙ্গাপুর, বাহারাইন ও জার্মানিতে যাচ্ছিলেন। কিন্তু দাবানলের কারণে তিনিও সেই সফর বাতিল করেছেন।
