কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর ব্যবহূত মোবাইল ফোন ভেঙে পরে তা পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজে এ ঘটনা ঘটে। অভিভাবকরা অভিযোগ করে বলেন, অধিকাংশ শিক্ষার্থী দূর থেকে আসা-যাওয়া করে। এজন্য তারা সঙ্গে ফোন নিয়ে আসে। যাতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে। ঐ দিনও তারা ফোন নিয়ে আসে। কলেজ থেকে বলা হয়, ফোন জব্দ করার পর কলেজ ছুটি হলে সেগুলো ফেরত দেওয়া হবে। তবে শিক্ষকরা ফোন জমা নিয়ে আর ফেরত দেননি। পরে সেগুলো ভেঙে ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।
তবে কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন জানান, এমন কোনো ঘটনা আমি জানি না এবং সত্যও নয়। তিনি জানান, ২০১৭ সাল থেকে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সে নিয়ম মেনে মোবাইল ফোন আনা নিষেধ। তবে স্মার্টফোন ছাড়া সাধারণ মোবাইলের ক্ষেত্রে কোনো কড়াকড়ি নেই।
জানা গেছে, গত শনিবার এক শিক্ষক ক্লাসের ব্লাকবোর্ডে লিখছিলেন। এ সময় এক ছাত্র তা মোবাইল ফোনে ধারণ করে। বিষয়টি ঐ শিক্ষক জেনে যান। তিনি ঐ ছাত্রের ফোন জব্দ করে কলেজ অধ্যক্ষকে জানান। ঐ দিনই অধ্যক্ষ সব শিক্ষার্থীর মোবাইল ফোন জব্দের নির্দেশ দেন। জব্দ করা অ্যানড্রয়েড মোবাইল ফোনগুলো ভেঙে তা আগুনে পোড়ানো হয়। তবে সাধারণ ফোনগুলো শিক্ষার্থীদের ফেরত দেওয়া হয়।
