দুই ছাত্রসহ সড়কে ঝরল ১০ প্রাণ

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:৫১

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও দুই ছাত্রসহ রবিবার রাত থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ জন নিহত হয়েছে। নিহত পরিবার পরিকল্পনা কর্মকর্তার নাম আলাউদ্দিন আল আজাদ (৫৫)। তিনি টাঙ্গাইলের সখীপুরে কর্মরত ছিলেন। রবিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামে।

নিহত এক ছাত্র হলো— সাভারের আশুলিয়ার জিরাবো এলাকার দিদার আলী বেপারীর ছেলে। সে স্থানীয় দেওয়ান ইদ্রিস কলেজে উচ্চ মাধ্যমিকের ১ম বর্ষের ছাত্র। রবিবার রাতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সিয়াম (১৭) মারা যায়। এ সময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরো দুই আরোহী। নিহত অপর ছাত্র হলো—নেত্রকোনার দুর্গাপুরের আ. খালেকের পুত্র মো. রাকিব মিয়া (১৩)। গতকাল দুর্গাপুরে বিরিশিরি-ঢাকা মহাসড়কের নওয়াপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রাকিব মিয়া (১৩) মারা যায়। এছাড়া কক্সবাজারের টেকনাফে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। এরা হলেন— উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী হ্নীলা পশ্চিম পানখালী মো. শফি সওদাগরের মেয়ে জয়নাব আক্তার (২১) ও দক্ষিণ লেদার মৃত শামসুল আলমের পুত্র সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র জসিম উদ্দিন (২০)।

গতকাল গাজীপুরে দুটি সড়ক দুর্ঘটনায় এক পিকআপের তিন আরোহীসহ চারজন নিহত হয়েছে। এরা হলেন—পিরোজপুর জেলার নেছারাবাদ থানার বলদিয়া গ্রামের মোস্তফা খানের ছেলে পিকআপ চালক হাসান খান (১৯), হেলপার একই গ্রামের কবির হোসেনের ছেলে নাঈম মাঝি (১৮) ও লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার দৈখাওয়া গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে সামিঊল মিয়া (১৬) এবং গাজীপুর সিটির সালনা বাউপাড়ার নজরুল ইসলাম কাজল (৪৫)। নজরুল স্থানীয় কোনাবাড়ি এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় চাকরি করতেন। নজরুল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সিটির কড্ডায় রবিবার সন্ধ্যায় পুলিশের একটি প্রিজনভ্যানের সঙ্গে ধাক্কায় মারা যান।

সিলেটের ওসমানীনগরের ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল ট্রাকের সঙ্গে সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক শেখ তফজ্জুল আলী নিহত হয়েছেন। তিনি বালাগঞ্জ সদর ইউনিয়নের গৌরীনাথপুর গ্রামের বাসিন্দা। একইদিন মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. জুলহাস (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছে। জুলহাস উপজেলার হোসেন্দী এলাকার বাসিন্দা। কাভার্ড ভ্যানের হেলপার রাসেলকে (২৫) আটক করা হয়েছে। রাসেল ফরিদপুর জেলার রনকাই গ্রামের তারা মিয়ার ছেলে। বাগেরহাটের ফকিরহাটে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশে গাছের সঙ্গে ধাক্কা লেগে কামাল হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল খুলনা-মাওয়া মহাসড়কের মুলঘরে এ ঘটনা ঘটে। কামাল খুলনার নুরনগর এলাকার বাসিন্দা। (সংশ্লিষ্ট এলাকার প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরের আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।)