১১০ কোটি টাকা পাচার

বাগেরহাটের নিউ বসুন্ধরার পরিচালক কারাগারে

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:৫৪

বাগেরহাটে নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেড নামে একটি জমি কেনাবেচা প্রতিষ্ঠানের এমডি আব্দুল মান্নান তালুকদারকে দুদকের করা ১১০ কোটি টাকা পাচারের মামলায় আদালত কারাগারে পাঠিয়েছে। গতকাল সোমবার মান্নান আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনিসুর রহমান পলাতক রয়েছেন।

আদেশের পর এজলাস থেকে আসামি মান্নান বের হওয়ার পর যাতে সংবাদকর্মীরা ছবি ধারণ না করতে পারেন সেজন্য তার আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে আজাদ ফিরোজ টিপুর নেতৃত্বে অন্তত ৪০ জন আইনজীবী তাকে চারদিক থেকে ঘিরে রেখে আদালত থেকে তাকে নিচতলা পর্যন্ত পৌঁছে দেন। নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেডের প্রধান কার্যালয় শহরের মিঠাপুকুরপাড়ে অবস্থিত। দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জী বলেন, গত ৩০ মে বাগেরহাট সদর মডেল থানায় দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. শাওন মিয়া ১১০ কোটি টাকা পাচারের অভিযোগে মান্নান ও আনিসুরের বিরুদ্ধে মামলাটি করেন।

জানা গেছে, ২০১০ সালে জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল মান্নান স্বেচ্ছায় অবসর নিয়ে ঐ জমি কেনাবেচার প্রতিষ্ঠান গড়ে তোলেন। ঐ প্রতিষ্ঠানের চেয়ারম্যান করা হয় মিঠাপুকুরপাড় জামে মসজিদের ইমাম আনিসুর রহমানকে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের প্রতিলাখে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা করে দেওয়ার প্রলোভনে কয়েকটি জেলার অন্তত ২০ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ২৯৯ কোটি টাকা আমানত সংগ্রহ করে। গত কয়েক বছরে ১৬টি ব্যাংকের ৩০টি হিসাব থেকে ১১০ কোটি ৩১ লাখ টাকা জমা করেন। গ্রাহকদের কাছ থেকে নেওয়া এ টাকা তিনি ব্যাংক থেকে তুলে পাচার করেছেন।  টাকা কোথায় পাচার করা হয়েছে তা জানতে দুদক অনুসন্ধান চালাচ্ছে।