৪৮ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ থেকে ঢাকায় বাস চলাচল করতে না দিলে আগামী ১৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে সিরাজগঞ্জ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল সোমবার সিরাজগঞ্জ বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নেতারা।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি জিন্না আলমাজি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জের বাসগুলো ঢাকায় যাতায়াত করতে না দিলে ১৮ জুলাই থেকে সিরাজগঞ্জে বাস, ট্রাক, সিএনজি, কাভার্ড ভ্যানসহ সব ধরনের পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মেজবাহুল সরকার লিটন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ডাবলু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক আলহাজ আনছার আলী, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন প্রমুখ।
এ সময় সিরাজগঞ্জ বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, ঢাকার মহাখালী ও গাবতলীর বাস মালিক সমিতির নেতারা সিরাজগঞ্জে একটি কাউন্টার দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার আলোচনা হয়। আলোচনায় সমাধান না হওয়ায় সিরাজগঞ্জের বাসগুলো ঢাকায় প্রবেশে বাধা দেন ঢাকার মালিক সমিতি নেতারা। চার দিন ধরে সিরাজগঞ্জ থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
