এরশাদের কফিনে জেপির শ্রদ্ধা

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:৫৫

সাবেক রাষ্ট্রপতি ও সংসদের বিরোধীদলীয় নেতা মরহুম এইচ এম এরশাদের গতকাল সোমবার সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত তৃতীয় জানাজায় অংশ নিয়েছেন জাতীয় পার্টির (জেপি) নেতারা। দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা জানাজায় শরিক হন এবং জানাজা শেষে এরশাদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ভাইস চেয়ারম্যান  মোহাম্মদ হোসেন রেনু, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, ইফতেখার আহমেদ লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তপন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) হাজী আবুল হোসেন, প্রচার সম্পাদক হুমায়ূন কবির তালুকদার রাজু, যুগ্ম প্রচার সম্পাদক মন্জুর হাবিব মন্জু, জাতীয় যুব সংহতির সহসভাপতি জেড সেলিম, ঢাকা জেলা নেতা আপেল মাহমুদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, ঢাকা মহানগর জেপির আহ্বায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক সংসদ সদস্য আবদুর রহিমের নেতৃত্বে ঢাকা দক্ষিণ অঞ্চলের জেপির নেতা-কর্মীরা গতকাল বাদ আসর বায়তুল মোকাররমে মরহুম এরশাদের চতুর্থ জানাজায় অংশ নেন। দলের সহসাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু, সহসাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, ক্রীড়াবিষয়ক সম্পাদক আলী আব্দুল্লাহ টিংকু, জাতীয় যুব সংহতির নেতা সবুর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।