তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ২০০৮ সালে আওয়ামী লীগ যখন পুনরায় ক্ষমতায় আসে, তখন আমাদের স্লোগান ছিল; দিন বদল ও ডিজিটাল বাংলাদেশ গঠনের স্লোগান। বিএনপি বলেছিল- এ স্লোগানের অর্থ কী। আজকের বাংলাদেশ তথ্যপ্রযুক্তির এ যুগে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। বিএনপি ডিজিটাল বাংলাদেশ বুঝে না, ডিজিটাল চুরি বুঝে। বাংলাদেশ থেকে টাকা পাচার করা হয়, আর তারেক জিয়া সিঙ্গাপুর থেকে টাকা উত্তোলন করে।
তিনি আরো বলেন, দেশ আজ খাদ্য ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। দেশে এখন আর কোনো গরিব মানুষকে খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে শেখ হাসিনার দিন বদলের বাংলাদেশ। আজকে যে দিন বদল হয়েছে- তা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।
সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ফুড ভিলজ হোটেলের সামনে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি।
এ সময় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার আগে দেশের প্রবৃদ্ধি ছিল ৭.১৫ শতাংশ। বঙ্গবন্ধুকে হত্যার পরে দেশের উন্নয়নে স্থবিরতা নেমে আসে। ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশ উন্নয়নশীল রাষ্ট্রের দিকে এগিয়ে যায়। ২০১৪ সালে তৃতীয় বারের মতো ক্ষমতায় আসার পরে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্র হওয়ার পথে এগিয়ে গেছে।
হাছান মাহমুদ আরো বলেন, বিএনপি এবং ফ্রিডম পার্টি এক হয়ে আওয়ামী লীগকে কয়েকবার ভাঙতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আওয়ামী লীগ আজও ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিএনপির বর্তমান আন্দোলন কর্মসূচি সম্পর্কে হাসান মাহমুদ বলেন, বিগত দিনে বিএনপি তাদের সমাবেশে নিজেদের কোন্দলের কারণে মারামারি করে সমাবেশ পণ্ড করেছিল। আমি আশা করি- বিএনপি এবার আর সেই পথে হাঁটবেন না। আন্দোলনের নামে যদি আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করা হয়-দেশবাসী তার সমুচিত জবাব দেবে।
