স্লো-মোশনে টিকটক ভিডিও বানাতে সুরমা নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ কিশোর সামাদের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিশ্বনাথ উপজেলার লামাকাজির সুরমা নদীতে তার লাশ ভেসে ওঠে। জালালাবাদ থানার ওসি অকিল মুন্সি ও বিশ্বনাথ থানার ওসি মো. সামছুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত শুক্রবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কসংলগ্ন তেমুখী এলাকায় শাহজালাল ৩ নম্বর সেতু থেকে টিকটক ভিডিও বানাতে দুই কিশোর ঝাঁপ দিলে এর মধ্যে সামাদ নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর বিশ্বনাথ উপজেলার লামাকাজির সুরমা নদীতে সামাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বিশ্বনাথ থানার ওসি মো. সামছুদ্দোহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিখোঁজ আবদুস সামাদ সিলেট নগরীর বাগবাড়িতে পরিবারের সঙ্গে থাকত। সে নগরীর একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা যায়।
