চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব না থাকায় ক্ষোভ ঝাড়লেন রফিক 

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৭:২৯

আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে জায়গা হয়নি সাকিব আল হাসান ও লিটন দাসের। বর্তমানে বোলিংয়ে নিষিদ্ধ সাকিব। দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে না পারায় দল থেকে বাদ পড়েছে এই টাইগার অলরাউন্ডার।

তবে সাকিব জায়গা না পাওয়ায় হতাশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক। রোববার (১২ জানুয়ারি) সিলেটে রংপুরের দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রফিক।

সাকিবের বোলিং নিষেধাজ্ঞা নিয়ে রফিক বলেন, ‘আপনি দেখেন সাকিব কত বছর খেলছে বাংলাদেশ দলে। সাকিব তখন দুনিয়ার ভিতরে এক নম্বর প্লেয়ার ছিল। আর এখন চাকিং বলে... তো এতদিন আপনার আইসিসি কী করেছে। এতদিন পর এ কথাটা কেন হল যেটা বলছে। ওটা কিছু না, দেখা যাবে আমাদের সঙ্গে কাজ করলে বা যারা এই টাইপের আছে দুই দিনের ভিতর সমাধান করতে পারব আমরা। এটা কিছু না।’

খেলার সঙ্গে রাজনীতি না মেশানোর প্রত্যাশা করে তিনি আরও বলেন, ‘আপনি এখন কিভাবে নিচ্ছেন সেটা ব্যাপার। যদি মনে করেন যে সাকিবের দরকার তো অবশ্যই দরকার। কারণ সাকিবের মত প্লেয়ার এক যুগে হবে কি না আর সন্দেহ। তো আমার কথা হল রাজনীতিতে জড়ানোতে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা তো রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত, কিন্তু আমার ক্রিকেটে জন্য তো আর এটা না। আমি মনে করি এটা ভবিষ্যতের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই খারাপ।’   

সাকিবের না থাকা দলে হতাশা থাকবে উল্লেখ করে রফিক বলেন, ‘আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই? সাকিব কয়টা বিশ্বকাপ খেলেছে, দেশের কয়টা প্লেয়ার কয়টা খেলেছে। এখন সাকিবকে নিয়ে কেন সমস্যা দাঁড়াচ্ছে। আজকে সাকিব নাই টিমে, কিন্তু হতাশা একটা থাকবেই।’

ইত্তেফাক/জেডএইচ