জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন পারভেজ হোসেন ইমন। ওয়ানডেতে এখনও অভিষেক হয়নি তার। তবুও চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পেয়েছে এই ওপেনার। তার জায়গা দিতে দল থেকে বাদ পড়তে হয়েছে অভিজ্ঞ লিটন দাসকে।
রোববার (১২ জানুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অভিষেক না হওয়া ইমনকে দলে রাখা প্রসঙ্গে তিনি বলেন, 'পারভেজ হোসেন ইমনকে নিয়ে আপনারা বলতে পারেন আহামরি কোনো পারফরম্যান্স তার নেই। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে আমরা যে জিনিসটা খুঁজছি বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, পাওয়ার প্লেতে আগ্রাসী-ইমপ্যাক্টফুল ব্যাটিং, সে জিনিসটা তার মধ্যে আছে।'
ব্যাকআপ হিসেবেই এই ওপেনার দলে জায়গা পেয়েছেন উল্লেখ করে লিপু আরও বলেন, 'যদি কোনো কারণে দুজন ওপেনারের মধ্যে তাকে থার্ড চয়েজ হিসেবে নিতে হয়, একই টেম্পোতে একই আগ্রাসনে সে ব্যাট করতে পারবে। তার যেটা আমাদের আকৃষ্ট করেছে, কখনই মনে হয়নি- এটা (দলে জায়গা পোক্ত করার) অপরচুনিটি, কিছু রান করতে হবে। দলকে জেতানোর জন্য, দলের মূল লক্ষ্য ঠিক রাখার জন্য আগ্রাসী ক্রিকেট খেলে। মুখ্য বিষয় এটাই।'
প্রধান নির্বাচক বলেন, 'এত বড় গ্লোবাল টুর্নামেন্টে তাকে (ইমন) যদি রাখা যায়, তার ওপর আস্থা আছে। ভবিষ্যতে দীর্ঘদিন দলে কন্টিনিউ করবে এই আস্থা আছে এ কারণেই তাকে নেওয়া।'
