সোনালী ব্যাংক লিমিটেডের বরিশালের বিভিন্ন শাখার সাত কর্মকর্তার কাছে পূর্ববাংলা সর্বহারা পার্টি চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত জেলার ১০টি উপজেলার ৭টি শাখা ব্যবস্থাপককে হুমকি দেওয়া হয়।
সোনালী ব্যাংক বরিশাল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক নাছির উদ্দিন তালুকদার জানান, আগৈলঝাড়া উপজেলা সদর শাখা, গৌরনদী উপজেলার নলচিরা শাখা, বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি শাখা ও চরামুদ্দিন শাখা, বাবুগঞ্জ উপজেলার খানপুরা শাখা, বরিশালের সিএন্ডবি রোড এবং চকবার শাখার ব্যবস্থাপকদের, মোবাইল ফোনে পূর্ববাংলা সর্বহারা পার্টির নাম করে বিভিন্ন পরিমাণে টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা পরিশোধ করা না হলে প্রাণনাশসহ বিভিন্ন ভাবে হুমকি ধামকিও দেওয়া হয়। এ ব্যাপারে স্থানীয় থানাগুলোতে সাধারণ ডায়েরি করা হয়েছে। তিনি আরো জানান, বেশির ভাগ শাখা ব্যবস্থাপকদের কাছে বাংলালিংকের দুটো নম্বর থেকে ফোন করা হয়েছে। এ ঘটনায় ব্যাংকের বরিশাল জেলার শাখা ব্যবস্থাপকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, হুমকির ঘটনায় সোনালী ব্যাংক আগৈলঝাড়া শাখা ব্যবস্থাপক গতকাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। একইভাবে আগৈলঝাড়া উপজেলার নলচিরা শাখা ব্যবস্থাপকও সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার। জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তথ্য সংগ্রহ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
