আড়াইহাজারে মাদক ব্যবসায়ীর অত্যাচারে স্ত্রীর আত্মহত্যা

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০০:০৪

আড়াইহাজারে মাদক ব্যবসায়ী স্বামীর অত্যাচারে জরিনা বেগম (৩৫) নামে এক  গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। রবিবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জরিনা ওই গ্রামের লিয়াকত আলীর স্ত্রী।

পুলিশ জানায়, ১৩/ ১৪ বছর আগে রামচন্দ্রদী গ্রামে  আবু তাহেরের মেয়ের সাথে একই গ্রামের আদু মিয়ার ছেলে লিয়াকত আলীর সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের ২টি সন্তান হয়। বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। ২/৩ বছর আগে লিয়াকত ইয়াবা বিক্রি শুরু করে। ইয়াবা বিক্রিতে নিষেধ করে স্ত্রী জরিনা। এই নিয়ে প্রতিদিনই জরিনাকে মারধর করতো  লিয়াকত। এত অত্যাচার সইতে না পেরে রবিবার সন্ধ্যায় সকলের অজান্তে জরিনা বিষপান করে। পরে প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।  ঘটনার পর থেকেই স্বামী ও শাশুড়ী বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। নিহতের পিতা আবু তাহের অভিযোগ করে বলেন, আমার মেয়েকে লিয়াকত সব সময়ই মারধর করতো। সারা জীবন তাকে কষ্ট পেতে হয়েছে। আমি এর বিচার চাই। আড়াইহাজার থানার ওসি মো: নজরুল ইসলাম জানান, ঘটনাটি অত্যান্ত বেদনা দায়ক। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।