সিংগাইরে ছোটো ভাইয়ের হাতে বড়ো ভাই খুন

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০০:০৫

সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডিঙ্গি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোটো ভাইয়ের হাতে বড়ো ভাই খুন হয়েছেন। এ ব্যাপারে সোমবার সিংগাইর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত  আব্দুর রহিম (৫৫) এবং তাকে হত্যার দায়ে অভিযুক্ত ছোটো ভাই মজিবুর রহমান ওই গ্রামের মো. আলাদ্দিনের ছেলে। রবিবার সন্ধ্যায়  বিন্নাডিঙ্গি বাসস্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটে।

জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু ও এলাকাবাসী জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মজিবর রহমান ও তার ছেলে সালাউদ্দিন লোহার রড দিয়ে আব্দুর রহিমকে আঘাত করে। তাকে মুমূর্ষু অবস্থায়  সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত ডাক্তার রহিমকে  মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং ১ নম্বর আসামি  মজিবর রহমানের স্ত্রী মনোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।