কয়লাভর্তি ট্রাক খাদে পড়ে প্রাণ গেলো চালকের, গুরুতর আহত হেলপার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:২৩

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কয়লাভর্তি ট্রাক খাদে পড়ে জামাল হোসেন (২৮) নামের একজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ীর হেলপার। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কামড়াশাসন গ্রামের মৃত দুলাল মিয়া ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন উর রশীদ।

তিনি বলেন, কিশোরগঞ্জের ভৈরব থেকে কয়লাভর্তি করে ট্রাকটি ফুলবাড়িয়া পৌর শহরের ইটভাটায় যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে খালপাড় এলাকা পর্যন্ত আসতেই সড়কের পাশে মাটি ভেঙে খাদে পড়ে উল্টে যায় গাড়িটি। এতে গাড়ির ভেতর আটকা পড়ে চালক জামাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাড়ির হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

উপপরিদর্শক মো. হারুন উর রশীদ বলেন, নিহতের মরদেহ  পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এএইচপি